শাপলা চত্বর হত্যাকাণ্ড
হাসিনা-বেনজীরসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ আদালত এ আদেশ দেন।
এদিন সকালে গ্রেপ্তার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক মন্ত্রী দীপু মনি রয়েছেন। তবে অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের পারস্পরিক যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূলের উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে।



























