সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২৬ অক্টোবর ২০২৬

মিরপুরের হত্যাচেষ্টা ও খিলক্ষেতের হত্যা মামলায় শুনানি আজ

মিরপুরের হত্যাচেষ্টা ও খিলক্ষেতের হত্যা মামলায় শুনানি আজ
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হত্যাচেষ্টা এবং খিলক্ষেতে হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন-সংক্রান্ত আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে মিরপুরের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ২০২৬ সালের ১১ মে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। অন্যদিকে, খিলক্ষেতের হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ৩ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। পরে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়।

মিরপুরের মামলায় ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর হৃদয় মিয়া বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। হৃদয় মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি।

সুমনের আইনজীবী এম. লিটন আহমেদ এর আগে জানিয়েছিলেন, মিরপুরের হত্যাচেষ্টা মামলায় আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখায় ওই মামলায় তার জামিন বহাল রয়েছে। তবে অন্য মামলায় জামিন না থাকায় তখনই তার কারামুক্তির সুযোগ ছিল না।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সুমন ২০২৪ সালের ২২ অক্টোবর গ্রেফতার হন। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়