সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনায় এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেছেন তিনি। অন্যদিকে ফ্লাভিও পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থি নেতা লুলা।

বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ব্রাজিলের নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে উভয় শিবিরেই উৎকণ্ঠা তৈরি হয়েছিল। ভোট গণনার শেষ পর্যায় পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় দুই পক্ষকে।

ফ্লাভিও বলসোনারোর বাবা জেয়ার বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। গত নির্বাচনে জেয়ারকে পরাজিত করে ক্ষমতায় আসেন লুলা দ্য সিলভা। তবে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে গড়িমসি এবং সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে জেয়ার বলসোনারো আইনি জটিলতায় পড়েন। এর ফলে এবারের নির্বাচনে তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনেটর ছেলে ফ্লাভিও বলসোনারো। তবে বাবার পরাজয়ের পর এবার ছেলেও লুলার কাছে হেরে গেলেন।

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ফ্লাভিও বলসোনারো। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে ছিলেন লুলা দ্য সিলভা। তবে দ্বিতীয় দফার ভোটে ব্যবধান ঘুচিয়ে জয় তুলে নেন লুলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত হয়েছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা ও রয়টার্স।

সর্বশেষ

জনপ্রিয়