আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প
আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ তথ্য জানিয়েছে।
আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে কম্পনের পরপরই এসব এলাকায় হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।
অন্যদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানেও ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
সূত্র: তোলোনিউজ



























