ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এ নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতে দোকান বরাদ্দ সংক্রান্ত অনিয়মসহ অন্যান্য বিষয়।
দুদকের আবেদনে আরও বলা হয়, কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী তার বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে হাজির হননি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।



























