রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে। বিটিভির কাছে মানুষের প্রত্যাশা অনেক।

রোববার রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনপ্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সকল কর্মসূচির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কাজটি আমরা এখনো করতে পারিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। কোন ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য এর আধুনিকায়ন দরকার। মানুষের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবশনায় আরো সৃজনশীল হতে হবে। চ্যানেলের গতিশীলতা বাড়াতে চাহিদার প্রেক্ষিতে শূন্য পদগুলো পূরণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টিভি চ্যানেল না, এটি অনেক ইতিহাসের সাক্ষী; ঐতিহ্যের ধারক-বাহক। বিটিভি আমাদের সম্পদ। এটাকে নতুন করে গড়ে তুলতে হবে।

বিটিভিকে আরো জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যে বেশ কিছু অনুশাসনের উল্লেখ করে তিনি বলেন, বাজেটের সর্বোত্তম ব্যবহার করার পাশাপাশি এর বার্ষিক ক্রয় পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।

তিনি বিটিভির সকল স্তরের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও বিটিভি কর্তৃপক্ষকে পরবর্তী সরকারের বাস্তবায়নের জন্য একটি স্মার্ট চার্টার অব ডিমান্ড তৈরি করে রাখার পরামর্শ দেন।

সর্বশেষ