দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ভোট ব্যবস্থায় ব্যাপক সাড়া দিয়েছেন প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।
বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। পাশাপাশি ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
শুধু প্রবাসেই নয়, দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন।
৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন ভোটার তাদের ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও বিদেশে মিলিয়ে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।



























