বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৬ এপ্রিল ২০২৬

৩ দিন টানা বৃষ্টির আভাস

৩ দিন টানা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিলের পর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। এরপর আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটি অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

তবে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। ফলে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত বিষয়: