কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. সেলিম খান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. সেলিম খান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ ও অন্যান্য শর্ত চুক্তিতে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



























