রোববার ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ২২ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় আরএমপি প্রতিষ্ঠিত: ভূমিমন্ত্রী

বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় আরএমপি প্রতিষ্ঠিত: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসে আরএমপির শুভ সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসেছিলেন। তাঁর উদ্যোগেই আরএমপি প্রতিষ্ঠিত হয়। আজ আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।’

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সমগ্র জাতি তাঁর জন্য কাঁদে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়তে লড়তেই তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’

ভূমিমন্ত্রী আরও বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল জীবনযাপন করতেন। কিন্তু পরবর্তী সময়ে ফ্যাসিবাদের আমলে অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

তিনি বলেন, ‘মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

আরএমপির ভূমিকার প্রশংসা করে মো. মিজানুর রহমান মিনু বলেন, ইতোমধ্যে আরএমপি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। আইন সবার জন্য সমানভাবে চলতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই, আইন নিজস্ব গতিতে চলুক। এমনকি আমার সন্তানও যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবেন।’

সর্বশেষ

জনপ্রিয়