রোববার ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ২২ আগস্ট ২০২৬

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। জাতীয় স্বার্থ নিশ্চিত করে আলোচনার ভিত্তিতেই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে।

শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী। তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। তবে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করে কিছু করা যাবে না।’

তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও ঐকমত্য হলে আগামী সপ্তাহেও ভারত সফর হতে পারে; আবার পরের সপ্তাহেও হতে পারে। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতির বিষয় থাকে।

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। হাজার হাজার মানুষ হত্যা করে তিনি সেখানে গেছেন। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কিছু মামলার রায় হয়েছে এবং আরও মামলা বিচারাধীন।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত বা ভারতের সঙ্গে নতুন করে যোগাযোগের বিষয় নয়; এটি একটি চলমান বিষয়।

হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠক কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। এর পেছনে যথেষ্ট প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। তাই এমন সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়।

সর্বশেষ

জনপ্রিয়