রোববার ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২২ আগস্ট ২০২৬

কঠিন পরিস্থিতি পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: আমীর খসরু

কঠিন পরিস্থিতি পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: আমীর খসরু
ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। এ সাফল্যের পেছনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে। তবে ভালো খবর হলো, অতীতের মতো এবারও কঠিন সময়ে দায়িত্ব নিয়েও আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, বেসরকারি খাতের নেতৃত্বে প্রবৃদ্ধি অর্জন বিএনপির অর্থনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দর্শনও একই। বেসরকারি খাত প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে এবং সরকার সেই প্রক্রিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে উত্তরণের কোনো বিকল্প নেই বিনিয়োগ বাড়ানোর। দেশের অভ্যন্তরে বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও আসবে না। তাই অর্থনীতিকে আরও গতিশীল করতে দেশীয় বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বাধা দীর্ঘদিনের উল্লেখ করে আমীর খসরু বলেন, এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে প্রতিবন্ধকতা কমাতে সরকার নিয়ন্ত্রণমূলক জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সরকার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

সর্বশেষ

জনপ্রিয়