“চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা”
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।



























