বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ২৬ আগস্ট ২০২৬

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, ডিবির জালে দুই সদস্য

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, ডিবির জালে দুই সদস্য
ছবিঃ ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতাররা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিবির বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতাররা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করতেন। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অগ্রিম অর্থ গ্রহণের পর ক্রেতাদের ব্লক করে দিয়ে প্রতারণা করতেন।

নিয়াজ মেহেদী জানান, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির পরিচালনাকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানিয়েছে, প্রতারণা চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়