সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে ৯২ নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী আহসানকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শহরের আদিয়ালা রোডের একটি ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সোখেরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাবিয়া আহসানের গলার নিচে গুলির গভীর ক্ষত পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শয়নকক্ষে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছেন বলে জানান সিপিও হাসান মুশতাক সোখেরা।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে নিহতের স্বামীর সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আনুষ্ঠানিক হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



























