আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।
সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। এ বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন ডাকা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশনের মেয়াদ তুলনামূলক কম রাখা হয়েছে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
অধিবেশনের কার্যক্রম পরিচালনা ও সময়সূচি চূড়ান্ত করতে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে, অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের পক্ষ থেকে বিপুলসংখ্যক প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫১টি।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ চত্বরকে ধূমপানমুক্ত করার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সদস্যরা তাঁর এ প্রস্তাবকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান।



























