লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ফরহাদ আজাদের
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে তেল সংকট চলাকালে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রোববার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























