“বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার”
শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা চমৎকার কাজ করছেন, তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মানিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে মাত্র ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বাছাই করা দেশের ১০০ জন সেরা শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষকদেরও আরও উৎসাহিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।



























