পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এক প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরার সদর সার্কেলে বদলি করা হয়েছিল।
নতুন আদেশে সেই বদলি বাতিল করে এ এন এম সাইফুল আলম খানকে অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে। তাকে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) পদে পদায়ন করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।



























