শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২৬

২৪ সেপ্টেম্বরের মধ্যে ২০২৭ সালের হজ নিবন্ধন শেষ

২৪ সেপ্টেম্বরের মধ্যে ২০২৭ সালের হজ নিবন্ধন শেষ
ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজে যেতে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া হজ নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র: বাসস

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়