রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৬

কৃষি বর্জ্য থেকে সম্পদ, ইনোভেশন ফেয়ারে প্রশংসিত মাশসাইকেল

কৃষি বর্জ্য থেকে সম্পদ, ইনোভেশন ফেয়ারে প্রশংসিত মাশসাইকেল
ছবিঃ সংবাদ পরিক্রমা

রাজধানীর বিজয় সরণিস্থ নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। “ইনোভেট টু মার্কেট”  প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়, উদ্ভাবক, গবেষক এবং তরুণ উদ্যোক্তারা এ মেলায় প্রযুক্তি, কৃষি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী উদ্যোগ ও সমাধান প্রদর্শন করছেন।

এবারের মেলায় অংশগ্রহণ করছে “মাশসাইকেল (MushCycle) – নারীদের নেতৃত্বে পরিচালিত বৃত্তাকার অর্থনীতির এক মাশরুম উদ্যোগ”। উদ্যোগটি বাস্তবায়ন করছে মুক্তচিন্তা যুব সেবা সংঘ এবং সহযোগিতায় রয়েছে দ্য আর্থ সোসাইটি।

উদ্যোগটির মূল লক্ষ্য কৃষি অবশিষ্টাংশ, বিশেষ করে ধানের খড়কে সম্পদে রূপান্তর করে আদিবাসী নারীদের জন্য টেকসই জীবিকা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা। এর আওতায় ঘরভিত্তিক অয়েস্টার মাশরুম উৎপাদনের পাশাপাশি মাশরুমভিত্তিক মূল্য সংযোজিত পণ্য এবং ব্যবহৃত উৎপাদন উপকরণ থেকে জৈব ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের একটি কার্যকর সার্কুলার ইকোনমি মডেল গড়ে তোলা হচ্ছে।

মাশসাইকেলের উৎপাদন প্রক্রিয়ায় ধানের খড় থেকে অয়েস্টার মাশরুম উৎপাদন করা হয়। পরবর্তীতে তা শুকনো মাশরুম ও মাশরুম পাউডারে রূপান্তর করা হয়। উৎপাদন শেষে ব্যবহৃত সাবস্ট্রেট থেকে তৈরি করা হয় জৈব ভার্মিকম্পোস্ট সার। ফলে একই উপকরণ একাধিকবার ব্যবহার করে বর্জ্য হ্রাস এবং অর্থনৈতিক মূল্য সৃষ্টি করা সম্ভব হচ্ছে।

মাশসাইকেলের প্রতিষ্ঠাতা জিলহাজ সরকার বলেন, “আমরা স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় সম্পদ ও মানুষের সক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করছি। ধানের খড়কে বর্জ্য হিসেবে না দেখে সম্পদ হিসেবে ব্যবহার করে আদিবাসী নারীদের জন্য আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করাই মাশসাইকেলের অন্যতম লক্ষ্য।”

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণকে উদ্যোগটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতীয় পর্যায়ের এ প্ল্যাটফর্মে মাশসাইকেলের সার্কুলার ইকোনমি মডেল, নারী নেতৃত্বাধীন উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব সমাধান দর্শনার্থী, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা ও সম্ভাব্য অংশীদারদের সামনে তুলে ধরা হচ্ছে।

মুক্তচিন্তা যুব সেবা সংঘের মতে, উদ্ভাবন তখনই টেকসই হয় যখন তা মানুষের বাস্তব সমস্যার সমাধান করে, জীবিকা উন্নয়নে ভূমিকা রাখে এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরি করতে সক্ষম হয়। মাশসাইকেল সেই লক্ষ্যেই একটি স্থানীয় উদ্ভাবনকে টেকসই ও বাজারমুখী সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়