মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২২ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে ৭২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আক্কেলপুরে ৭২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মূর্তি পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে বিজিবি ও এসআরবির একটি যৌথ টহলদল আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য—হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মূর্তি পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

আটকরা হলেন—আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়