রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সি পাবলিক টয়লেটের পাশ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। তারা হলেন—জিসান (২৬) ও নিরব (২৮)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক জরুরি বিভাগের সামনে পাবলিক টয়লেটের পাশ থেকে আটক করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, সকালে একটি টহল দল মেডিকেলে টহল দেওয়ার সময় প্রতারক চক্রের দুই সদস্যকে ঢামেক জরুরি বিভাগের পাবলিক টয়লেটের সামনে থেকে হাতেনাতে আটক করে। পরে তাকে খবর দিলে তারা প্রতারক চক্রের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

তিনি জানান, অভিযুক্ত প্রতারক চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে তাদের টাকা-পয়সা, সোনার গয়না ও মোবাইল হাতিয়ে নিত। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড, চারটি ভোটার আইডি কার্ড, গাঁজা ও ডলার এবং টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢামেকের আনসার সদস্যরা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে তাদের এখানে নিয়ে আসে। তারা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছেন এবং প্রতারকদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়