ঢামেকে দালাল ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফারহাদ হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
পরিচালক বলেন, আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়।
এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও কম নয়। তাদেরকেও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়।
এসময় তিনি দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চান।
তিনি আরও বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক আশরাফুল আলমসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।



























