শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার: ভূমিমন্ত্রী
শিক্ষাখাতের উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ খাতে উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তার সবই করবে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একসময় তারাই দেশের নেতৃত্ব দেবে। এ বিষয়টি বিবেচনায় রেখে সরকার শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করছে। শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শুধু এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। আগামী দিনে এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি খেলার মাঠগুলোরও যথাযথ পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতীতে কেউ উন্নয়নমূলক কাজ করে থাকলে তা মুছে ফেলা যাবে না। যার যে সম্মান প্রাপ্য, তাকে সেই সম্মান দিতে হবে।
রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, এ বিমানবন্দর ব্যবহার করে বিদেশে দেশি মাছ রপ্তানির সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে কাজ করা হবে। অনেকে রাজশাহীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন। তবে এ জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল প্রয়োজন। আপাতত রাজশাহী থেকে কার্গো বিমান চালু করা সম্ভব কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বোয়ালিয়ায় অবস্থিত শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ছয়তলা ভবনটি নির্মাণ করা হয়। পয়োনিষ্কাশন, পানি সরবরাহ ও বৈদ্যুতিক ব্যবস্থাসহ ভবনটির মোট দরপত্র মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা।
২০২৩-২০২৪ অর্থবছরের এ প্রকল্পের আওতায় ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২৪ সালের ২০ মে। ২১ মাসের নির্ধারিত মেয়াদের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
নতুন ভবন ও আধুনিক সুযোগ-সুবিধা চালু হওয়ায় শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।



























