রবীন্দ্রনাথের গ্রাফিতির কালি মুছে রিকশাচালক ভাইরাল
রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই দেয়ালচিত্র থেকে কালি মোছার উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক রিকশাচালক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি দেখে প্রশংসা করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। শোবিজের তারকারাও তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
পেশায় রিকশাচালক হলেও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার দায়িত্ববোধ অনেকের নজর কেড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি পরিষ্কার করার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
তাদের মতে, শিল্প-সাহিত্য ও দেশের গুণী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ পরিচয় কিংবা প্রভাবশালী অবস্থানের প্রয়োজন নেই।
আজ ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
দেয়ালটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে এলাকাটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়।
এর অংশ হিসেবে দেয়ালে আঁকা হয় ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। পাশাপাশি পথচারীদের সুবিধার্থে স্থাপন করা হয় ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ।
সংস্কৃতি ও মনীষীদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা নিয়ে যখন আলোচনা চলছে, তখন তা মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ওই রিকশাচালক।
তার এই কাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করছেন অনেকে। তারকাদের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে সাধারণ মানুষের এমন উদ্যোগের গুরুত্ব।
তবে এখন পর্যন্ত ওই রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।



























