আধুনিক নেটওয়ার্কে সমৃদ্ধ হলো রাবিপ্রবি ক্যাম্পাস
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আধুনিক ও সম্প্রসারণযোগ্য ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে এ উদ্যোগে ২৫টি ওয়াই-ফাই অ্যাকসেস পয়েন্ট, ২০৩টি ল্যান সংযোগ এবং বিভিন্ন ভবনে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো রাউটার ও সুইচের বদলে উন্নত নেটওয়ার্ক সরঞ্জাম বসানো হয়েছে। নবনির্মিত ছাত্র ও ছাত্রী হল পর্যন্তও অপটিক্যাল ফাইবার অবকাঠামো তৈরি রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে সংযোগ সম্প্রসারণ করা যায়।
আইসিটি সেলের পরিচালক ড. তানজিম মাহমুদ বলেন, আগে ক্যাম্পাসের অধিকাংশ নেটওয়ার্ক সংযোগ ওভারহেড কেবলের মাধ্যমে পরিচালিত হতো। নেটওয়ার্ক ছড়িয়ে দিতে সাধারণ মানের হোম রাউটার ব্যবহারের কারণে সব ব্যবহারকারীর জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করা কঠিন ছিল। বর্তমানে প্রধান নেটওয়ার্ক সংযোগগুলো ভূগর্ভস্থ করা হয়েছে এবং সাধারণ রাউটারের বদলে উচ্চক্ষমতাসম্পন্ন হুয়াওয়ে অ্যাকসেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য, এতে অধিকসংখ্যক ব্যবহারকারীকে স্থিতিশীল ওয়াই-ফাই সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।
ড. তানজিম মাহমুদ আরও জানান, প্রতিটি নেটওয়ার্ক র্যাকে ইউপিএস বসানো হয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট হলেও নেটওয়ার্ক সেবা সচল রাখার সক্ষমতা বেড়েছে। আগে নবনির্মিত আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ ছিল না; এখন সেসব হল পর্যন্ত ফাইবার সংযোগ সম্প্রসারণ করা হয়েছে।
সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি সালমান সিদ্দিকী জুয়েল এই উদ্যোগকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ২৫টি ওয়াই-ফাই পয়েন্ট ও ২০৩টি ল্যান সংযোগ ক্লাসরুম এবং ল্যাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়াবে। এতে কোডিং, ল্যাবের কাজ, গবেষণা এবং ক্লাবের অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন ও কর্মশালা আয়োজন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির সাধারণ সম্পাদক লোরা চাকমা বলেন, নির্ভরযোগ্য নেটওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে পারে। তাঁর প্রত্যাশা, এর ফলে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন বাদশার মতে, আধুনিক নেটওয়ার্ক শিক্ষার্থীদের গতানুগতিক ক্লাস ও পরীক্ষার বাইরেও প্রযুক্তি ব্যবহার করে উচ্চতর চিন্তা ও শেখার সুযোগ তৈরি করতে পারে।
রাবিপ্রবি ফিশারিজ ক্লাবের সহসভাপতি শিরিন আক্তারও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নেটওয়ার্ক অবকাঠামো উন্নত হওয়ায় অনলাইন ক্লাস, গবেষণা, অ্যাসাইনমেন্ট ও তথ্য অনুসন্ধানে সুবিধা হবে। তবে আন্তর্জাতিক জার্নাল ও গবেষণা ডেটাবেসে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার, ডিজিটাল লাইব্রেরি, প্রাতিষ্ঠানিক ই-মেইল এবং শিক্ষামূলক সফটওয়্যার সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের ওয়াই-ফাই সুবিধা দায়িত্বশীলভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহযোগিতা করতে হবে। তা না হলে সেবাটি আবার ভেঙে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
উপাচার্য আরও জানান, নেটওয়ার্কের গতি ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং সেবার বাস্তব মান নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।
উল্লেখ্য, ওয়াইফাই এবং উন্নত নেটওয়ার্কিং সুবিধা নিশ্চিত করার কারণে ক্যাম্পাসে শিক্ষাসুলভ পরিবেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























