রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৫ অক্টোবর ২০২৬

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রতিবেশী দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন নিয়ে আলোচনার মধ্যে সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে আলোচনা তাঁরাও শুনেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চালানো হচ্ছে। তাঁদের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা এবং পরিস্থিতির সুযোগ নেওয়া।

তিনি বলেন, দেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও তাঁর দেশে ফেরার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বা নির্দিষ্ট সময়সূচি জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়