বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৫ নভেম্বর ২০২৬

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকাও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথে সভা-সমাবেশসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহন করা যাবে না।

ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে।

জনপ্রিয়