বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৫ নভেম্বর ২০২৬

জেন্ডার বৈষম্য দূর করতে দিনাজপুরে যুব সংলাপ অনুষ্ঠিত

জেন্ডার বৈষম্য দূর করতে দিনাজপুরে যুব সংলাপ অনুষ্ঠিত
ছবিঃ সংবাদ পরিক্রমা

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা, বৈষম্যমূলক সামাজিক রীতি এবং নারী-পুরুষের অসম সামাজিক ভূমিকা পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে দিনাজপুরে যুব সংলাপ ও অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ে মুক্ত চিন্তা যুব সেবা সংঘের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়। ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় সংলাপটি আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচের প্রতিনিধি রাখি গোপাল দেবনাথ, স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির পরিচালক মোছাঃ মাহাবুবা আক্তার, নক্ষত্র যুব কল্যাণ সংস্থার সভাপতি কনিকা আক্তার পারুল, মুক্ত চিন্তা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লাবনী দেবনাথ এবং সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব মুকিদ হায়দার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সভাপতি জিলহজ্জ সরকার। সংলাপের ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন আনিকা শাহনাজ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোর্শেদ আলী খান বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা শুধু নারীর উন্নয়নের বিষয় নয়, এটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অন্যতম শর্ত। পরিবার ও সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, সামাজিক বৈষম্য দূর করতে সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক চর্চা গড়ে তোলা জরুরি। নারী-পুরুষের সমান মর্যাদা, সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি এবং যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সংলাপে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, পরিবার ও সমাজে নারী-পুরুষের ভূমিকা, নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, প্রচলিত সামাজিক ধারণা ও পারিবারিক চর্চার কারণে অনেক ক্ষেত্রে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সমান সুযোগ থেকে বঞ্চিত হন।

আলোচনায় পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নারী ও তরুণীদের নেতৃত্বে অংশগ্রহণের সুযোগ তৈরি, স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে যুব সংগঠনগুলোর সমন্বয় এবং যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সংগঠন মুক্ত চিন্তা যুব সেবা সংঘ জানায়, তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটির সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়