বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ৫ নভেম্বর ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য : স্পিকার

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য : স্পিকার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক এবং সময়ের সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘৩০তম মার্কিন ট্রেড শো-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি সৈয়দ কামাল হোসেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৩০তম মার্কিন ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতির প্রতিফলন। গত তিন দশকে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, এবারের প্রদর্শনীতে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে।

এ সময় দেশের জ্বালানি সংকট নিরসনে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন স্পিকার। এ কাজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে স্পিকার ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্যরা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়