ভোলায় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ ৮ জন আটক
ভোলার তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার আব্দুল মমিন, আসলামপুরের মো. শামীম, মতলব মিয়ার হাটের মো. ইউসুফ, আহমেদপুরের মো. সিরাজ, দৌলতখান উপজেলার মো. রায়হান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আজগর হোসেন ও মো. সেলিম এবং লক্ষ্মীপুরের কবির হোসেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।



























