বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী

দেশে বন্ধ শিল্পকারখানা চালু করে তরুণদের কর্মসংস্থান করব

দেশে বন্ধ শিল্পকারখানা চালু করে তরুণদের কর্মসংস্থান করব
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠনে সক্ষম হয় তাহলে দেশের মানুষের জন্য কাজ করবে। তারই ধারাবাহিকতায় সারাদেশে বিভিন্ন সময় সরকারি যে শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমরা চালু করব।

তিনি বলেন, “শিল্পকারখানাগুলো চালু করার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে শিল্পকারখানা স্থাপন করব। আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য, তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারই ধারাবাহিকতায় গত দুই সপ্তাহে আমি দুইবার বাগেরহাটে এসেছি।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারতে যাওয়ার পথে ফকিরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, “একসময় খুলনা দেশের অন্যতম শিল্পাঞ্চল ছিল। কিন্তু সময়ের বিবর্তনে বিভিন্ন কারণে এ অঞ্চলের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। আমরা খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা স্থাপন করতে চাই। শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি এই অঞ্চলগুলো উন্নত করতে চাই।”

এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারপ্রধান। পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে দুপুর দেড়টার দিকে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মাজার জিয়ারত শেষে খুলনার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

জনপ্রিয়