বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ৫ নভেম্বর ২০২৬

কুবিতে ১ম বারের মতো অনুষ্ঠিত হবে গণিত অলিম্পিয়াড

কুবিতে ১ম বারের মতো অনুষ্ঠিত হবে গণিত অলিম্পিয়াড
গ্রাফিক্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিজ্ঞান অনুষদের ৪০২ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ৬ নভেম্বর সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হবে। সকাল ১০টা থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা, যা দুই ঘণ্টাব্যাপী চলবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের জন্য ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হবে। এ পর্বে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আয়োজক কমিটি আরও জানান, আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হবে। পরবর্তী সময়ে চূড়ান্ত পর্বে সেরাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ের সেরা ১০ জন নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সারা দেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু অংশসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ঢাকা-দক্ষিণ অঞ্চল গঠিত। ইতোমধ্যে এ অঞ্চলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টিরও বেশি বিভাগ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত মোট ১৫০টি আবেদন জমা পড়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব আয়োজন করতে যাচ্ছি। এ আয়োজনে ঢাকা-দক্ষিণ অঞ্চলের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণিত ও গণিতসংশ্লিষ্ট বিভাগ, যেমন—রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও আইসিটিসহ ৭৫টি বিভাগের ৪০টি প্রতিষ্ঠানে নিবন্ধনের জন্য প্রতিনিধি চেয়েছি। আটটি অঞ্চলে আমরা দুজন করে মোট ১৬ জন প্রতিনিধি দিয়েছি। ইতোমধ্যে এ অঞ্চলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টিরও বেশি বিভাগ থেকে নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত মোট ১৫০টি আবেদন জমা পড়েছে।”

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য শুধু গণিত পড়ানো নয়, শিক্ষার্থীদের মধ্যে গণিতকে সহজভাবে উপলব্ধি করানো। এ আয়োজনের মাধ্যমে অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিতপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞানচর্চা এবং গণিতভিত্তিক সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে।”

উল্লেখ্য, গণিতের চর্চা ও বিকাশ, গণিতের সৌন্দর্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং উচ্চশিক্ষা পর্যায়ে গণিতের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিবছর জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়।

জনপ্রিয়