সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ৯ নভেম্বর ২০২৬

পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ প্রকল্পের আওতায় উন্নয়নকাজের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় তিনি হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহা নিয়ে কাজ করছেন। তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ধরনের অসহায়ত্ব ও প্রতিকূলতার মধ্যে থাকেন। তাই তাঁদের সঙ্গে আরও মানবিক, সহনশীল ও ধৈর্যশীল আচরণ করতে হবে। চিকিৎসাসেবায় রোগীদের প্রতি দায়িত্বশীলতা ও আন্তরিকতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

জনপ্রিয়