বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ
শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। এমনকি ভক্তদের পাঠানো চিঠির জবাবও নিজের হাতে লিখতে পারছেন না তিনি। এ কারণে অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলিউডের ‘শাহেনশা’। পাশাপাশি বারবার ক্ষমা চাইতে হওয়ায় নিজের আক্ষেপের কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।
সম্প্রতি ব্যক্তিগত ব্লগে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানান অমিতাভ। উৎসবের শুভেচ্ছা এবং অসুস্থতার খবর শুনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য উপহার ও শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। তবে এত উপহার সংরক্ষণের জায়গা নিয়েও সমস্যায় পড়েছেন অভিনেতা।
ব্লগে অমিতাভ লেখেন, ‘এত মানুষ আমাকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন যে সেগুলো রাখার জায়গা খুঁজে পেতে সমস্যা হচ্ছে। উপহারগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে না পারলে তাঁদের আবেগের প্রতি অসম্মান করা হবে।’
ভক্তদের পাঠানো চিঠির জবাব ব্যক্তিগতভাবে দিতে চেয়েছিলেন অমিতাভ। প্রত্যেককে নিজের হাতে চিঠি লিখে উত্তর দেওয়ার ইচ্ছা থাকলেও শারীরিক অস্বস্তির কারণে তা সম্ভব হচ্ছে না। এ নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘নিজের হাতেই প্রত্যেককে উত্তর লিখতে চেয়েছিলাম। কিন্তু যে হাতে লিখি, সেই হাতে কিছুটা অস্বস্তি হচ্ছে। তাই উত্তর দিতে দেরি হচ্ছে। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
একই সঙ্গে বারবার ক্ষমা চাইতে হওয়ার বিষয়টি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কী আর করা যাবে! পরিস্থিতি এমন হয়েছে যে বারবার ক্ষমা চাইতে হচ্ছে। ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই।’
এর আগে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন অমিতাভ। তাঁর ব্যক্তিগত ব্লগে উঠে এসেছিল ঘুমের সমস্যার কথাও। এদিকে শারীরিক অসুস্থতার কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ে তাঁর অনুপস্থিতি ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়েছে।



























