সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং দণ্ডিত অবস্থায় তিনি এ ধরনের আবেদন করার আইনগত অধিকার রাখেন কি না, তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি—পলাতক, দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে বিষয়টির সত্যতা এখনো যাচাই করতে পারিনি।’

তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটির আইনগত ভিত্তি কী, আদৌ সঠিক প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয় আইনের খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য কোনো দেশে আশ্রয় নিলে সে দেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়েছে, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।

জনপ্রিয়