শনিবার ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৬ মার্চ ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কারও বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস

মিথ্যা অপবাদ দিয়ে কারও বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

মিথ্যা অপবাদ দিয়ে কারও বদনাম করা বড় পাপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বদনাম করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরও দূরে রাখুন।

মির্জা আব্বাস বলেন, আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোন আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে, তা বলতে পারবেন না। আর আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দেব কারা কারা আমাকে ভোট দিয়েছে। আপনি কসম খেয়ে বলেন, এতগুলো ভোট আমি সিল মেরে নিয়েছি! নাকি আকাশ থেকে এসেছে?

তিনি বলেন, আমরা রাতে কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমার এলাকায় হারার ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই।