বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ৮ অক্টোবর ২০২৬

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী ​

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী ​
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সড়ক পরিবহন খাতে গড়ে ওঠা মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, তা ভাঙতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা দূর করতে সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নেও নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

পরিবহন খাতের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন নতুন চিন্তা ও উদ্যোগের মাধ্যমে সড়ক পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি আইনের আওতায় আনার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

জনপ্রিয়