জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি’—জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।’
রাশেদ খাঁন আরও লেখেন, ‘সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত! তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ, ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না!’
১৯৭১ সালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জামায়াত ‘এর চেয়ে বেশি রক্ত ঝরিয়েছে’। এ কারণে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ ‘লঘু’ বলা যায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, ‘তা না হলে ২৪-এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি—এ কথা বলে কীভাবে?’
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন। আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে নাহিদ ইসলাম! ইনকিলাব জিন্দাবাদ।’



























