বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ অক্টোবর ২০২৬

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি
ছবিঃ সংগৃহীত

গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তবে ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎই বদলি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এতে তার চোটে পড়ার আশঙ্কা তৈরি হয় সমর্থকদের মধ্যে। যদিও ম্যাচ শেষে পেদ্রি জানিয়েছেন, পেশির চোট নয়, পেটে ব্যথা ও শারীরিক অস্বস্তির কারণেই মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি।

মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ম্যাচে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় কাতালানরা। তবে বড় ব্যবধানে এগিয়ে থাকার সময় পেদ্রির মাঠ ছাড়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তার জায়গায় মাঠে নামেন মার্ক বার্নাল। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকই এই পরিবর্তন আনেন।

ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পেদ্রি বলেন, ‘আমার পেটে ব্যথা হচ্ছিল, শরীরটাও একটু খারাপ লাগছিল। তাই বদলি চেয়ে নেওয়াই ভালো মনে করেছি, যেন ফিট কেউ মাঠে নামতে পারে।’

পেদ্রির এই বক্তব্যে স্বস্তি ফিরেছে বার্সেলোনা শিবিরে। অর্থাৎ, পেশির চোটের কারণে নয়, শারীরিক অস্বস্তি থেকেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামনে ব্যস্ত সূচি থাকায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ফিট থাকা কোচ ফ্লিকের জন্য বড় স্বস্তির বিষয়।

ম্যাচে শুরুটা অবশ্য বার্সেলোনার অনুকূলে ছিল না। আলেক্সেই বাতরাকভের গোলে প্রথমে এগিয়ে যায় গালাতাসারাই। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও ক্যানসেলো গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক গোল আদায় করে নেয় সফরকারীরা। ফেরমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও বদলি খেলোয়াড় করিম আদেয়েমির গোলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

প্রথমার্ধে আক্রমণ সাজানোর ক্ষেত্রে বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে কিছুটা তাড়াহুড়ো ছিল বলে মনে করেন পেদ্রি। তার মতে, শেষ পাস দেওয়ার সময় আরও ধৈর্য ধরতে পারলে আক্রমণভাগের খেলোয়াড়েরা ভালো অবস্থানে বল পাওয়ার সুযোগ পেতেন। বিরতির পর দল সেই জায়গায় উন্নতি করেছে বলেও মনে করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এদিকে দলের গোল করার সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী পেদ্রি। একসময় বার্সেলোনার গোল করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমান দল মাঠের পারফরম্যান্স দিয়ে তার জবাব দিচ্ছে বলে মনে করেন তিনি। শুধু মূল একাদশ নয়, বেঞ্চেও পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় থাকায় দলের বিকল্প নিয়েও সন্তুষ্ট পেদ্রি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়