এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
বিশ্বরেকর্ডের দরজায় কড়া নাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক মাইলফলক পেরিয়ে ফরাসি ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড। এবার দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখলের পর তার চোখ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত রেকর্ডগুলোর একটির দিকে লিওনেল মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড।
অলিভিয়ের জিরুডকে টপকে মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্স ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ফরাসি অধিনায়কের পা থেকে আসে জোড়া গোল। এই দুই গোলের মাধ্যমে দেশের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৫৮টি।
তবে ফরাসি এই রিয়াল মাদ্রিদ তারকার ক্ষুধা যেন এখানেই শেষ নয়। ম্যাচ শেষে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়া।
২০০৬ ও ১৯৯৮ সালের ফরাসি কিংবদন্তিদের পেছনে ফেলে মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে নতুন এক ইতিহাস রচনা করেন এমবাপ্পে। সেনেগালের রক্ষণভাগকে তছনছ করে জোড়া গোল করার পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ৫৮-তে, যা অলিভিয়ের জিরুডের ৫৭ গোলের রেকর্ডকে ছাড়িয়ে তাকে এককভাবে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতার আসনে বসিয়েছে।
এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থরা এমবাপ্পেকে ‘৫৮’ নম্বর লেখা একটি বিশেষ জার্সি উপহার দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে ফরাসি অধিনায়ক লিখেছেন, ‘৫৮ গোল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা বিশাল গর্বের বিষয়। যে দেশে এত মহান ফুটবলার খেলে গেছেন, সেখানে এই অর্জন সত্যিই বিশেষ। প্রথম দিন থেকে আমার ওপর আস্থা রাখার জন্য সতীর্থ, কোচিং স্টাফ এবং ফরাসি ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। আমাদের যাত্রা চলতেই থাকবে, এখনও অনেক কিছু অর্জন করা বাকি।’
দেশের রেকর্ড নিজের করে নেওয়ার পর এমবাপ্পে এখন তাকিয়ে আছেন ফুটবল ইতিহাসের আরেক মহাকাব্যিক মাইলফলকের দিকে। সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। ফলে আর মাত্র দুটি গোল করলেই তিনি লিওনেল মেসি ও জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালীন রেকর্ড স্পর্শ করবেন।
বর্তমান ফর্ম, ধারাবাহিকতা এবং বয়সের সমীকরণ বিবেচনায় ফুটবল বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙা এখন এমবাপ্পের জন্য সময়ের অপেক্ষা মাত্র। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বিশ্বকাপেই মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়তে পারেন ফ্রান্সের এই মহাতারকা।



























