সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ ও সংগঠনকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এটি একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই—আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ থেকে যাত্রা শুরু করেছি।’
ব্রিফিংয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আজ দেশের প্রায় সকল অংশীজন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এক মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের সামগ্রিক অগ্রযাত্রায় এটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক অর্জন। এই ঐক্যবদ্ধ অবস্থান দেশে স্বাধীন সাংবাদিকতার পথকে আরও মসৃণ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।



























