লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭
দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরাইলি সেনা নিহত ও অপর সাত জন আহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সামরিক বাহিনীর সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন ‘যুদ্ধে নিহত’ হয়েছেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন কর্মকর্তা, একজন রিজার্ভ কর্মকর্তা ও একজন রিজার্ভ সেনা আহত হয়েছেন।
এছাড়া একজন যুদ্ধরত নন-কমিশন্ড কর্মকর্তা, দুই জন রিজার্ভ সেনা ও একজন নারী রিজার্ভ সেনা হালকা আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
ওই সমঝোতা অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছে।
গত ২ মার্চ ইরানের সমর্থনে তেহরানপন্থী হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবাননও এ সংঘাতে জড়িয়ে পড়ে।
এর আগে লেবানন জানায়, ইসরাইলের ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযানে এখন পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে, ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলের পক্ষে ৩১ জন সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।



























