শুক্রবার ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ১৮ জুন ২০২৬

ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া

ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া
ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে নিজেকে কল্পনা করতেন তিনি। আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতেন, লালন করতেন তারকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই আজ বাস্তবতা। বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাট এখন ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘আলফা’র প্রচারণা নিয়ে। আর সেই প্রচারণাতেই শোনালেন নিজের শৈশবের স্বপ্ন ও অভিনয়জীবনের গল্প।

ছবির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন আলিয়া। নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই অভিনয় ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য।

আলিয়া বলেন, ‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ্বাস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’

বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়ায় অভিনয়ে আসার ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা পেয়েছেন—এ বিষয়টিও অকপটে স্বীকার করেছেন তিনি।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকারও আছে।’

তিনি আরও মনে করেন, সাফল্যের পথে এগিয়ে যেতে হলে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। প্রতিকূলতা বা সমালোচনা যাই আসুক না কেন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ‘আলফা’ নির্মিত হয়েছে যশরাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে। এই প্রথম ফ্র্যাঞ্চাইজিটিতে নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত হলো একটি সিনেমা। ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর। এছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

জনপ্রিয়