নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
নেশনস লিগের এবারের আসরে বেলজিয়ামের গোলপোস্ট সামলাতে দেখা যাবে না অভিজ্ঞ গোলকিপার থিবো কর্তোয়াকে। জাতীয় দলের কোচ মার্ক ফান বোমেলের সঙ্গে আলোচনা করেই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে জাতীয় দলকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তার। ২০২৮ ইউরো বাছাইপর্বে আবারও বেলজিয়ামের জার্সিতে ফেরার লক্ষ্য রয়েছে কর্তোয়ার।
বেলজিয়ান সংবাদমাধ্যম নিউজব্ল্যাডকে দেওয়া সাক্ষাৎকারে কর্তোয়া জানিয়েছেন, গোলকিপার পজিশনে গুরুতর চোটজনিত সংকট তৈরি না হলে নেশনস লিগের কোনো ম্যাচেই তিনি মাঠে নামবেন না। এমনকি বেলজিয়াম সেমিফাইনালে উঠলেও তার সিদ্ধান্তে পরিবর্তন আসবে না।
কর্তোয়া বলেন, ‘ফান বোমেলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, দলে গোলকিপার নিয়ে জরুরি কোনো চোটের সমস্যা না থাকলে আমি নেশনস লিগে খেলব না। এর মানে হলো, দল সম্ভাব্য সেমিফাইনালে উঠলেও আমাকে দেখা যাবে না।’
নেশনস লিগের ‘এ’ গ্রুপে এবার বেলজিয়ামের সঙ্গে রয়েছে ফ্রান্স, ইতালি ও তুরস্ক। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে বেলজিয়ামকে খেলতে হবে ছয়টি ম্যাচ।
২৫ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বেলজিয়ামের নেশনস লিগ অভিযান শুরু হবে। তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর ঘরের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। এরপর ২ অক্টোবর তুরস্কের বিপক্ষে খেলবে বেলজিয়াম। প্রথম পর্বের শেষ ম্যাচে ৫ অক্টোবর ফ্রান্সের মাঠে নামবে দলটি।
নেশনস লিগে না খেললেও জাতীয় দলের দরজা নিজের জন্য বন্ধ করছেন না কর্তোয়া। বরং ২০২৮ ইউরো বাছাইপর্বে আবারও দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। তবে সেখানে নিজের জায়গা ফিরে পাওয়া যে সহজ হবে না, সেটি কর্তোয়াকে পরিষ্কার করে জানিয়েছেন কোচ ফান বোমেল।
এ বিষয়ে কর্তোয়া বলেন, ‘২০২৮ ইউরো বাছাইপর্বের জন্য আমাকে পাওয়া যাবে। ফান বোমেল অবশ্য আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেশনস লিগে খেলা গোলকিপার যদি ভালো পারফর্ম করে, তবে পরবর্তীতে আমার মূল একাদশে ফেরার কোনো নিশ্চয়তা নেই। তবুও আমি আমার জায়গার জন্য লড়াই করতে চাই।’
অর্থাৎ নেশনস লিগে বিরতি নিলেও বেলজিয়ামের হয়ে ফেরার স্বপ্ন ছাড়ছেন না কর্তোয়া। বরং ২০২৮ ইউরোর বাছাইপর্বে নিজের পারফরম্যান্সের মাধ্যমে আবারও জাতীয় দলের একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে চান রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই গোলরক্ষক।



























