রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৪
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মহানগরের বিভিন্ন থানায় ৩০টি মামলা করা হয়েছে।
ডিএমপির সংশ্লিষ্ট বিভাগগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের দিক থেকে এদিন সবচেয়ে এগিয়ে ছিল মিরপুর বিভাগ। এই বিভাগে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওয়ারী বিভাগে ৮৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ৭ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত সামগ্রীও জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ।
পুলিশের অভিযানে আরও উদ্ধার করা হয়েছে অপরাধমূলক কাজে ব্যবহৃত ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।



























