শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২৯ আগস্ট ২০২৬

সভাপতি তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা

সভাপতি তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে আর্থিক লোকসানসহ নানা সীমাবদ্ধতার বিষয় বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। বরং বিপিএলের কাঠামো নতুন করে সাজিয়ে সবকিছু গুছিয়ে এরপরই আসরটি মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি।

তবে বোর্ডের এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়ার আশঙ্কা করছেন দেশের ক্রিকেটাররা। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা এবং নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়দের আয়ের বড় একটি অংশ আসে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) থেকে। ফলে বিপিএল না হলে তাদের আর্থিক সংকট আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে নিজেদের দাবি ও প্রত্যাশার বিষয়গুলো বোর্ডের সামনে তুলে ধরতে আগামীকাল রোববার বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নেওয়া ক্রিকেটাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের আগে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলাদা বৈঠক করবেন। 

বিষয়টি নিশ্চিত করে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা কালকে বিসিবি সভাপতির সঙ্গে বসব, তার আগে নিজেরা আলাদা করে বসব। ক্রিকেটাররা তাদের চাওয়া পাওয়ার বিষয়ে জানাবে। শুধু বিপিএল না দেশের সব ঘরোয়া লিগ নিয়ে আমরা কথা বলব। সবশেষ ডিপিএলেও ভালোভাবে পারিশ্রমিক পায়নি ক্রিকেটাররা। সব মিলিয়ে ক্রিকেটাররা তাদের নিজেদের কথা বলবে।’

এর আগে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালও চলতি বছর বিপিএল মাঠে না গড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে আয়োজন না করে পুরো টুর্নামেন্টের কাঠামো নতুন করে গুছিয়ে নিয়ে বিপিএল শুরু করতে চান।

জাতীয় দলের নিয়মিত ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের বাইরে দেশের অধিকাংশ পেশাদার ক্রিকেটারকেই বিপিএল ও ডিপিএলের মতো ঘরোয়া প্রতিযোগিতার ওপর নির্ভর করতে হয়। এরই মধ্যে চলতি বছরের ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বিপিএলও অনুষ্ঠিত না হলে তাদের আয়ের সুযোগ আরও সংকুচিত হবে।

এ কারণে বিপিএল আয়োজন করা সম্ভব না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। আগামীকালের বৈঠকে বিপিএলের পাশাপাশি দেশের সামগ্রিক ঘরোয়া ক্রিকেটের সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক নিয়েও ক্রিকেটাররা তাদের অবস্থান তুলে ধরবেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়