ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড় ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ শুরু হয়।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে ঢাকা কলেজের একটি বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।
তবে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো কারণ ছাড়াই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথাও ফেটে গেছে বলে দাবি করেন তিনি।
ওই শিক্ষার্থী বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ করে তাদের ওপর হামলা চালানো হয়। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত।
এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।



























