বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফআর টাওয়ারের পাশের ২৬ তলা একটি ভবনে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বনানীর এফআর টাওয়ারের পাশের ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।



























